|
ভারত, তাইওয়ান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, রুয়ান্ডা, সোমালিয়া, হামবুর্গ, ভেনেজুয়েলা, যুগোস্লাভিয়াÑ পৃথিবীজুড়ে ঘটছে নানান ঘটনা। সপ্তাহজুড়ে বিশ্বের উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনাবলীর বয়ান নিয়ে লিখছেন পান্থ রহমান রেজা
ভারতের পশ্চিমবঙ্গে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬৩ জন প্রাণ হারিয়েছে। ট্রেনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘটে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গে আরো একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। মাওবাদী স্যাবোটাজের কারণে সেটি হয়েছিল বলে দাবি করা হয়েছে। তাইওয়ানের জুডিশিয়ারি বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের একজন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে হাইকোর্টের তিনজন বিচারক এবং একজন প্রসিকিউটর গ্রেফতার হন। সন্ত্রাসী এবং দুর্নীতিগ্রস্ত পুলিশের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, অফিসিয়াল দুর্নীতি রোধে তিনি একটি শক্তিশালী মনিটরিং এজেন্সি প্রতিষ্ঠা করবেন। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আসছে আগস্ট মাসের ২১ তারিখ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনমত জরিপে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের লেবার পার্টি সামান্য এগিয়ে আছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সারাদেশে কমিউনিটি পুলিশ ফোর্স নামাচ্ছেন। আমেরিকা আশা করছে, এই কমিউনিটি পুলিশ ফোর্স তালেবানদের বিরুদ্ধে ভালো কাজ দেবে। যদিও কারজাই সরকার জেলা পর্যায়ের পুলিশ বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এর আগে এক আফগান সৈন্য ব্রিটিশ বাহিনীর ওপর গুলি চালিয়ে তিন সৈন্যকে হত্যা করে। রুয়ান্ডায় সহিংসতার ঘটনা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আগামী ৯ আগস্ট সাধারণ পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই সহিংসতার ঘটনা ঘটছে। বিরোধীদলীয় নেতা আন্দ্রে কাগয়া’র হত্যার অভিযোগ প্রেসিডেন্ট পল কাগামের দল অস্বীকার করেছে। গত সপ্তাহে সোমালিয়ার রাজধানী মুগাদিসুতে সরকারি বাহিনী এবং বিদ্রোহী শাহাব বাহিনীর মধ্যে সংঘর্র্ষে ৫৩ জন নিহত হয়েছেন। শাহাবের সঙ্গে আল কায়েদার যোগাযোগ আছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শাহাব গ্র“প সোমালিয়া সীমান্তবর্তী কেনিয়ার টহল পুলিশের ওপর এ্যামবুশ পরিচালনা করে। তাছাড়া তারা উগান্ডার এক বোমা হামলায় ৭৬ জনের মৃত্যুর দায়িত্ব স্বীকার করে। হামবুর্গের মেয়র ওলে ভন বুয়েস্ট পদত্যাগ করার মধ্য দিয়ে জার্মান চ্যান্সেলর এ্যানজেলা মার্কেল তার আরো একটি রাজনৈতিক মিত্র হারালেন। একজন গ্রিক অনুসন্ধানী সাংবাদিক সক্রেটিস জুলিয়াস তার এথেন্সের বাড়ির সামনে খুন হয়েছেন। পুলিশ ধারণা করছে কোনো সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনা ঘটিয়েছে। সুপ্রিমকোর্টে বারাক ওবামার প্রার্থী ইলিনা কাগানকে সিনেট জুডিশিয়ারি কমিটি অনুমোদন করেছে। তিনি জন পল স্টিভেনস এর স্থলাভিষিক্ত হবেন। ডেমোক্র্যাট প্যানেলের সবাই ইলিনা কাগানের পক্ষে ভোট দিয়েছেন। এমনকি রিপাবলিকান লিন্ডসে গ্রাহামও মিসেস ইলিনাকে সমর্থন দিয়েছেন। জামাইকার জরুরি অবস্থা উঠে গেছে। সম্প্রতি মাদক চোরাকারবারীদের ধরতে সরকার এই জরুরি অবস্থা জারি করেছিল। সরকার এই জরুরি অবস্থা আরো কিছুদিন জারি রাখতে মনস্থ করলেও সংসদে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছে। সুরিনামের সাবেক একনায়ক দেশি বাউটার্সি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার দল সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছে। আগামী আগস্টের ৩ তারিখে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন। ফার্ক গেরিলারা ভেনেজুয়েলার এলাকা থেকে পরিচালিত হয়, এটা প্রমাণ করতে কলম্বিয়া সরকার লাতিন দেশগুলোর সংগঠনের মধ্যে একটা বিশেষ মিটিং আহ্বান করেছে। এর জবার হিসেবে ভেনেজুয়েলার সরকার বোগোটা থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ জানিয়েছেন, গ্লোবভিশনে তার সরকারের ৪৮.৫% মালিকানা আছে। উল্লেখ্য, এই টেলিভিশন স্টেশন তাকে সমালোচনা করেছিল। স্টেশনটির মালিক গ্রেফতার এড়াতে দেশ থেকে পালিয়েছেন। হুগো শাভেজ কোম্পানির পরিচালনা পর্ষদে রাষ্ট্রের একজন প্রতিনিধি রাখার পরিকল্পনা করছেন। সাবেক যুগোস্লাভিয়ায় যুদ্ধাপরাধীর অভিযোগে কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামোস হারাদিনাজ আবার নতুন করে বিচারের সম্মুখীন হতে পারেন। তার বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। কসোভোর স্বাধীনতা ঘোষণার একদিন আগে আন্তর্জাতিক আদালত তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। তথ্যসূত্র : ইকোনমিস্ট |