|
আব্দুল্লাহ্ নূহ
প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস বাংলাদেশের নিত্যসঙ্গী। দরিদ্র এ দেশটির মানুষের ওপর এ দুর্যোগ যেন বোঝার উপর শাকের আঁটি। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে এদেশের দরিদ্র জনগোষ্ঠী হারাচ্ছে মাথা গোঁজার ঠাঁই এবং অনেক কষ্টে গড়ে তোলা তাদের সামান্য হলেও সর্বস্ব সম্পদ। প্রায় প্রতিবছর-সারা বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সম্পদ হারিয়ে নিঃস্ব হলেও বাংলাদেশের এসব মেহনতি মানুষ তাদের সবচেয়ে বড় সম্পদ উদ্যমকে সঙ্গে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, নতুন করে ঘর বাঁধে। একা একাই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে। দুর্যোগ মোকাবেলায় এসব সাহসী অসহায় মানুষের জন্য সরকারেরও অনেক কিছু করণীয় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলার জন্য সবার আগে প্রয়োজন দুর্যোগপীড়িত এসব মানুষের পক্ষে একটি সুচিন্তিত আইন তৈরি করা। সেই উদ্দেশ্যে ও আইনের একটি খসড়া প্রস্তাবনা নিয়ে ২৭ ফেব্রুয়ারি ২০১০, শনিবার সকাল ১০টায় বিয়াম ফাউন্ডেশনস্থ মাহবুব কবীর মেমোরিয়াল মিলনায়তনে সাপ্তাহিক ও একশনএইড আয়োজন করেছিল একটি গোলটেবিল আলোচনা। ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন ও আমাদের প্রত্যাশা’ শিরোনামের এই গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আ স ম ফিরোজ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ শশাঙ্ক সাদী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন একশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়), প্রকৌশলী ইনামুল হক (সাবেক ডিজি, ওয়ারপো), গওহর নাঈম ওয়ারা (দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ), খুরশীদ আলম (ব্যবস্থাপনা পরিচালক, থিংক এ্যাহেড লি.), এ এইচ এম আবদুল্লাহ্ (পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো), সায়েদুর রহমান (নির্বাহী পরিচালক, বিপিডিসি), সুমন এস এম এ ইসলাম (কেয়ার বাংলাদেশ), জহিরুল হক (মহাপরিচালক, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর), ড. এম এ কাশেম (চেয়ারম্যান, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি)। গোলটেবিল আলোচনায় সঞ্চালক ছিলেন সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা। সাপ্তাহিক ও একশনএইড আয়োজিত এই গোলটেবিল আলোচনায় আলোচকদের বক্তব্য নিয়ে সাপ্তাহিক-এর আগামী সংখ্যায় একটি ক্রোড়পত্র প্রকাশ করা হবে। |