 |
নিউইয়র্ক সম্প্রতি প্রতিষ্ঠিত ‘সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি, নিউইয়র্ক’-এর আনুষ্ঠানিক অভিষেক উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানমালার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মার্চের মাঝামাঝি ঢাকা ক্লাবে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এই আয়োজনে সংশ্লিষ্ট দেশসমূহের কূটনীতিকসহ কমিউনিটির নির্বাচিত ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ‘সুর-মূর্ছনা ও সঙ্গীতের মাধ্যমে শান্তি’ এই বিশেষ স্লোগান নিয়ে বিভিন্ন দেশের সঙ্গীতশিল্পী, বাদ্যযন্ত্রী ও সঙ্গীতপ্রেমীদের সমন্বয়ে সেপ্টেম্বর ২০০৯-এ নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয় সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি। উডসাইডে অবস্থিত সোসাইটির স্টুডিওতে জমজমাট অনুশীলনী দেশে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অনেকেই মুগ্ধ হয়েছেন। অনলাইন বিশ্বের নানা প্রান্ত থেকে ছয় শতাধিক সদস্য ইতোমধ্যে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির সঙ্গে যুক্ত হয়েছেন। সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির প্রথম ও ব্যতিক্রমধর্মী অভিষেক অনুষ্ঠানে সোসাইটির প্রথম বড় উদ্যোগ ‘ট্রিবিউট টু দ্য লেজেন্ড, পপ সম্রাট আজম খান’-এর ‘প্রিভিউ’ প্রদর্শিত হবে। এ ছাড়াও অভিষেক কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানে বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার শিল্পীরা অংশ নেবেন। উল্লেখ্য, সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির আমন্ত্রণে পপ সম্রাট আজম খানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সকল প্রাথমিক প্রস্তুতি ও আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিউইয়র্কসহ বাঙালি অধ্যুষিত লস এঞ্জেলেস, মায়ামী, অরলান্ডো, আটলান্টা, ফিলাডেলফিয়া, আটলান্টিক সিটি এবং ভার্জিনিয়াতে পপ সম্রাটের কনসার্ট আয়োজনের ব্যাপারে প্রচুর আগ্রহ-উদ্দীপনা দেখা গেছে। নিউইয়র্কের মূল ‘ট্রিবিউট’ অনুষ্ঠানটিতে লেজেন্ডারি গায়ক বব ডিলানসহ আরো ক’জন মার্কিন শিল্পী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। পপ সম্রাট আজম খানের ৬১তম জন্মদিন উপলক্ষে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টার ২৮ ফেব্রুয়ারি ২০১০-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে আজম খানের গান ভালোবাসেন দেশের এমন বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যোগ দেন। বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ও ক্রান্তি শিল্পীগোষ্ঠীর প্রধান মাহবুবুল হায়দার মোহন সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাহাত হোসেন |